বঙ্গবন্ধুকে 'রাজাকার' বললেন তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বললেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার পূর্ব লন্ডনে একটি অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এই সম্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে দীর্ঘ এক ঘণ্টা ৪৫ মিনিট বক্তব্য দেন তারেক। বক্তব্যের একপর্যায়ে হলভর্তি দর্শকের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ পাকিস্তানের পক্ষে স্লোগান দিলে সেই লোকটিকে কী নামে আখ্যায়িত করা যেতে পারে? প্রশ্নের জবাবে নেতা-কর্মীরা বলে ওঠেন ‘রাজাকার, রাজাকার’। তারেক মাথা খানিকটা ঘুরিয়ে কানের কাছে হাত রেখে বলেন, ‘আরেকটু জোরে বলুন, বুঝি না। নেতা-কর্মীরা আরও উচ্চ স্বরে বলে ওঠেন ‘রাজাকার’। এবার তারেক নিজ মুখে রাজাকার শব্দটি উচ্চারণ না করলেও বক্তব্যের শেষ পর্যায়ে গিয়ে বলেই ফেলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি এবং পাকবন্ধু ছিলেন।’
তারেক রহমান দাবি করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই। বক্তৃতায় তিনি একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘রং হেডেড এবং দখলদার’ বলে উল্লেখ করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলার ফেরারি আসামি তারেক রহমান দীর্ঘ প্রায় ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করছেন।
আওয়ামী লীগ ৪০ বছর ধরে মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস বলে আসছে দাবি করে তারেক বলেন, ‘শেখ মুজিব আওয়ামী লীগের জন্য এখন ‘লালসালু’। এই লালসালুকে ঘিরে থাকা ভণ্ডরা যাকে-তাকে রাজাকার বলে আখ্যায়িত করে। আর দখলদার রং হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়ে, জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেয়।’ আওয়ামী লীগকে দেখামাত্র রাজাকার বলার পরামর্শ দেন তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম সম্পাদক রহুল কবির রিজভী, বিএনপির নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান প্রমুখ।