বঙ্গবন্ধুর আদর্শ এগিয়ে নেওয়ার ক্ষমতা হারিয়েছে আ.লীগ: সিপিবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে এগিয়ে নেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ হারিয়েছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর স্মরণে সিপিবি আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এই মত দেন। পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিপিবির নেতারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের শ্রেণিচরিত্র এখন বদলে গেছে। একসময় মধ্যবিত্ত শ্রেণি আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন লুটেরা ধনিক শ্রেণির হাতে আওয়ামী লীগের নেতৃত্বের নিয়ন্ত্রণ চলে গেছে। তাই এখন আর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের আর্কাইভ থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কিত সব দলিল, তথ্য-দলিল প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। দলটির নেতারা অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতিও নিষিদ্ধ করারও দাবি জানান। বিজ্ঞপ্তি।