
দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভে সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া ও পুলিশ সুপার মঈনুল হক। পরে চাষাঢ়া থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কেক কাটা, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। সিটি করপোরেশনের উদ্যোগে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার সংগ্রামে এগিয়ে যেতে হবে। তাহলে দেশের প্রকৃত উন্নয়ন হবে।
বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে সকালে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ এ কে এম সেলিম ওসমান, মহানগর বিএনপির সহসভাপতি আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব প্রমুখ।
সোনারগাঁ উপজেলায় সকালে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, সাংসদ লিয়াকত হোসেন, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিএআরআই উচ্চবিদ্যালয় ও আনন্দ শিশু কাননের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশের গান নিয়ে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান হয় কাজী বদরুদ্দোজা মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদ, পরিচালক (সেবা ও সরবরাহ) বীরেশ কুমার গোস্বামী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) মো. আমজাদ হোসেন, পরিচালক (গবেষণা) লুৎফর রহমান, পরিচালক (তৈলবীজ গবেষণা) সাখাওয়াৎ হোসেন প্রমুখ। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের নেতৃত্বে সহ-উপাচার্য হাফিজ মুহম্মদ হাসান, কোষাধ্যক্ষ মো. নোমান উর রশীদসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মানিকগঞ্জ শহরের বিজয়মেলা মাঠ থেকে সকাল নয়টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সেখানে কেক কাটা হয়। এরপর জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, সিভিল সার্জন ইমরান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ। জেলা শিশু একাডেমী সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
সিঙ্গাইর উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টার দিকে সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ শিশুদের বই পড়া উৎসবের উদ্বোধন করেন। ইউএনও মো. যুবায়েরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলী জিলকদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মাজেদ খান প্রমুখ। এক হাজার শিশুশিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ এবং সোনারগাঁ, গাজীপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি)