বঙ্গবন্ধুর আরেক নাম স্বাধীন বাংলাদেশ: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙালির হূদয়ের ফ্রেমে জাতির পিতা শীর্ষক এক সংবাদচিত্রের আয়োজন করে আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানের উদ্বোধনী শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংবাদচিত্র ঘুরে ঘুরে দেখেন। ছবি: ফোকাস বাংলা
বাঙালির হূদয়ের ফ্রেমে জাতির পিতা শীর্ষক এক সংবাদচিত্রের আয়োজন করে আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানের উদ্বোধনী শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংবাদচিত্র ঘুরে ঘুরে দেখেন। ছবি: ফোকাস বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর আরেক নাম স্বাধীন বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাঙালির হূদয়ের ফ্রেমে জাতির পিতা শীর্ষক আওয়ামী যুবলীগের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতির পিতা একটি আদর্শ। জাতির পিতার জন্ম না হলে হয়তো স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তাঁর সমগ্র জীবন ব্যয় করেছেন। শুধু একটি দেশ তিনি স্বাধীন করেননি, তিনি আমাদের দিয়েছেন একটি পবিত্র সংবিধান। যে অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, আমাদের সংবিধানে তারই প্রতিফলন আমরা দেখতে পাই।’

স্পিকার বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রায় সফল পথে চলছে। দেশের উন্নয়নের যে ব্রত নিয়ে আমরা কাজ করছি, তাতে সবাইকে অংশগ্রহণ করতে হবে। বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আমরা শপথ নিই, যেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমরা সকলে সমন্বিতভাবে কাজ করি।’

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংবাদচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

সংবাদচিত্র উদ্বোধনী শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঘুরে ঘুরে দেখেন। এ আয়োজনের জন্য যুবলীগকে ধন্যবাদ জানান তিনি।