বঙ্গবন্ধুর ইসলাম প্রচারের কথা তুলে ধরলেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে ইসলামের প্রচার ও প্রসারের জন্য যে অবদান রেখেছেন তা আর কেউ রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে হানিফ এসব কথা বলেন। খবর বাসসের।
মাহবুব উল আলম হানিফ বলেন, ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গীর তুরাগ পাড়ে তাবলীগ ইজতেমা ও কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু দিয়েছিলেন এবং দেশে মদ, জুয়া ও হাউজি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বলেন, ইসলামের ধ্বজাধারী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দেশে মদ, জুয়া ও হাউজি খেলার অনুমতি দিয়েছিলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত অপপ্রচার চালিয়ে ধর্মকে অপব্যবহারের মাধ্যমে বারবার আওয়ামী লীগকে আঘাত করেছে। তারা ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে প্রচার চালিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদিনা সনদ অনুসরণ করে জাতীয় চার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছিলেন। মদিনা সনদে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সকল ধর্মের জন্য সমান সুযোগ দিয়েছিলেন।

হানিফের মতে, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা হলো যার যার ধর্ম তার তার। কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না। সব ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, শাহে আলম মুরাদ, হেদায়েতুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।