বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দেওয়া জিয়াও গুলিতে ঝাঁজরা হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক। প্রথম আলো ফাইল ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। প্রথম আলো ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাঁকেও গুলিতে ঝাঁজরা হতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা হবে।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত। বঙ্গবন্ধুর খুনিদের দেশে কবে ফিরিয়ে আনা হবে, সেটা নিয়ে সবার কৌতূহল। পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে যদি ফেরানো কষ্ট হয়, তাহলে বঙ্গবন্ধুর খুনিদের ফেরানো কত কষ্টকর আপনারা বোঝেন। তবে রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে, যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদণ্ড সাজা থাকে তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তাঁরা (কানাডা) শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মানে না।

জিয়াউর রহমানের সমালোচনা করে আনিসুল হক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাঁকেও গুলিতে ঝাঁজরা হতে হয়েছে। বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নত হোক, বিএনপি চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন, সেটাও বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশ পাকিস্তান হোক।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে আরও বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া প্রমুখ।