বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে কাজ করেন জিয়া ও খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া—দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল সোমবার সচিবালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ অভিযোগ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়।

তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি নিজেই তা প্রমাণ করেছেন। আবার খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশীদকে সাংসদ বানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ে আদালতের সাম্প্রতিক রায়ের সমালোচনা করে তোফায়েল বলেন, রায়ের সঙ্গে পর্যালোচনার নামে জাতীয় সংসদকে ছোট করা হয়েছে।

আলোচনা সভায় বাণিজ্যসচিব শুভাশীষ বসু, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফিকা ইকফাৎ, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্যসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।