বঙ্গবন্ধুর খুনিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, বাংলাদেশের সব ইতিহাস মুছে ফেলতে চায়, দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত বানাতে চায়, তারাই এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।’

প্রতিমন্ত্রী শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলাধীন ভাটারা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই বাংলাদেশ কারও দয়ার দান নয় উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ আমাদের ভিক্ষা দেয় নাই। আমার পিতা, আমার পূর্বপুরুষেরা রক্ত দিয়ে এই বাংলাদেশকে কিনে নিয়েছে। অতএব আমাদের অনেক দায় আছে। বঙ্গবন্ধুর মূল খুনি, প্রধান খলনায়ক, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান কুশীলব এবং সকল ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীর নাম জিয়াউর রহমান।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করবে, তাদের কাছে এই খুনি জিয়ার মুখোশ উন্মোচিত করা আমাদের পবিত্র দায়িত্ব। পৃথিবীর অনেক দেশে অনেক মরণোত্তর বিচারকাজ সম্পন্ন হয়েছে। বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে।’

অনুষ্ঠানে ২০০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এর আগে প্রতিমন্ত্রী, সরিষাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে সৌরবিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।