বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নতুন কমিটির নেতারা বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে বঙ্গবন্ধুর অপর একটি প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন। পঁচাত্তরের ১৫ আগস্ট ভবনটির যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, শেখ হাসিনা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ওবায়দুল কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।