টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন।

সকাল সোয়া ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ফাতিহা পাঠ ও সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদানসহ বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল হয়।

শ্রদ্ধা জানানোর সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অব অনার দেয়। বিশেষ মোনাজাত ও পবিত্র কোরআন তিলাওয়াত হয়।

সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও নিহত অন্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে বিশেষ মোনাজাত ও দোয়া হয়।

জাতীয় শোক দিবসে আজ সারা দেশে সব মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হচ্ছে।

বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন শোক দিবসের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচারসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। পোস্টার, সচিত্র বাংলাদেশের বিশেষ সংখ্যা প্রকাশ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করছে। জেলা ও উপজেলা প্রশাসন আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতাপাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল চলছে।

আওয়ামী লীগের কর্মসূচি: জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনের কর্মসূচি রয়েছে। আজ সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন, দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে এবং সাড়ে সাতটায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ, মোনাজাত হয়েছে। বেলা ১১টায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, দুপুরে অসচ্ছল, দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ, বাদ আসর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
কাল রোববার বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এ ছাড়া সিপিবি, গণফোরাম, জাসদ, ন্যাপ ও গণতন্ত্রী পার্টি এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে,।

ছবিতে বঙ্গবন্ধু
ছবিতে বঙ্গবন্ধু