বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা সাংবাদিক নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল মঙ্গলবার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা। পরে তাঁরা জেলা সার্কিট হাউসে মতবিনিময় সভায় অংশ নেন।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ, যশোরসহ সারা দেশের সাংবাদিক নেতারা গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছান। প্রথমে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবালসোবহান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক শক্তি ও মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করতে একের পর এক চক্রান্ত করছে। তবে জাতীয় ঐক্যেরভিত্তিতে এই অশুভ শক্তিকে পরাভূত করা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিক গৌতম হত্যার বিচার হয়েছে। আমরা সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার চাই।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার প্রমুখ।