বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সম্পর্কে জিয়া জানতেন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড-সম্পর্কিত বিষয়টি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জানতেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে শোক দিবস উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) আয়োজিত আলোচনা সভায় হানিফ এ দাবি করেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি মন্তব্য করে হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিষয়টি কুলাঙ্গার জিয়া জানতেন। তিনি পেছনে থেকে মদদ দিয়ে চক্রান্ত করেছেন। জিয়া মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, এটা বঙ্গবন্ধু হত্যার পর প্রমাণ হয়েছে। তাঁর হত্যার পর জিয়া বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখন একই পথে হাঁটছেন তাঁর স্ত্রী, দল ও সন্তানেরা।’
বিএনপিকে সমূলে বিনাশের আহ্বান জানিয়ে হানিফ বলেন, ২০-দলীয় জোটের বিষ সারা দেশে ছড়িয়ে গেছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাদের সমূলে বিনাশ করতে হবে।
বঙ্গবন্ধুর হত্যার পেছনে বামদের উসকানি ছিল দাবি করে হানিফ বলেন, অনেক বাম সংগঠন ও এর নেতারা সে সময় বঙ্গবন্ধুর সমালোচনা করেছেন। তাঁর সরকারের বিরোধিতা করেছেন। আজকে তারা ভুল স্বীকার করে দিনরাত বঙ্গবন্ধুর গুণকীর্তন করছে।
হানিফ বলেন, ‘কিছুদিন আগে আমার কাছে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত আসেন। তিনি গণতন্ত্রের কথা বলেছেন। আমি বলেছি, বিশ্বের কোনো দেশ গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে যেতে পারেনি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশ গণতন্ত্র দিয়ে নয়, সুশাসন ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে হলে সুশাসন ও নেতৃত্বের মাধ্যমেই এগিয়ে নিতে হবে। আর এটা শেখ হাসিনাকে দিয়েই সম্ভব।’
পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সভাপতিত্ব করেন। সভা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মুফতি মোহাম্মদ মেহেদি হাছান।