বছরে ২০ কোটি মানুষ নৌপথে যাতায়াত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে রুট পারমিট নিয়ে ৬৯৫টি যাত্রীবাহী নৌযান চলাচল করে। এসব নৌযানের মাধ্যমে বছরে প্রায় ২০ কোটি মানুষ যাতায়াত করে। গতকাল মঙ্গলবার সংসদে পিনু খানের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

মন্ত্রী আরও বলেন, যাত্রীবাহী ৯২৩টিসহ বর্তমানে দেশে নৌযানের সংখ্যা ১০ হাজার ২৯৬টি। এর মধ্যে রুট পারমিট নিয়ে ৬৯৫টি বিভিন্ন রুটে চলাচল করছে।

এনামুর রহমানের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বর্তমানে অভ্যন্তরীণ নৌপথের দৈর্ঘ্য বর্ষাকালে প্রায় ২৪ হাজার এবং শুষ্ক মৌসুমে ছয় হাজার কিলোমিটার।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদকে জানান, দেশে বছরে প্রায় সাড়ে চার লাখ শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয়। এর মধ্যে প্রায় ২৬ হাজার শিশুর মৃত্যু ঘটে। অবশিষ্ট শিশুরা পরে নানান শারীরিক জটিলতায় ভোগে।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে নবজাতক শিশু চুরি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। চুরি বন্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক নির্ধারিত ইউনিফর্ম পরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তরীকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, চুক্তি অনুযায়ী এ বছর হজ পালনের জন্য ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশ থেকে হজ পালনে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার, বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।