বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, দেশে বার্ষিক বস্ত্রের চাহিদা ২ হাজার ৪০০ মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে দেশে প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার মিলিয়ন মিটার বস্ত্র উৎপাদিত হয়। প্রতিবছর বস্ত্র আমদানি করা হয় ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ময়মনসিংহ-১১ আসনের সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী জানান, বর্তমানে দেশে পাটকলের সংখ্যা ২২৭। এর মধ্যে সরকারি ২৬টি ও বেসরকারি ২২১টি। সরকারি ২৬টিসহ দেশের ৮২টি পাটকল এখন বন্ধ।
সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী জানান, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে পরিচালনা করা হবে না। এগুলোতে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইজারা প্রদানের কার্যক্রম চলমান। ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) জারি করা হয়েছে। আশা করা যায় স্বল্প সময়ের মধ্যে এগুলো চালু হবে।
সংরক্ষিত নারী আসনের সাংসদ হেনা মমতার প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম জানান, বর্তমানে রেলওয়ের বাণিজ্যিক বিভাগে মঞ্জুরিকৃত ২ হাজার ৫১৬ জনবলের বিপরীতে ১ হাজার ৪৬০ জন কর্মরত। এখানে শূন্য পদের সংখ্যা ১ হাজার ৫৬ (৪২%)। সম্প্রতি রেলওয়ের ৪৭ হাজার ৬৩৭ জনের নতুন জনবল কাঠামোর অনুমোদন পাওয়া গেছে।
বেগম লুৎফন নেসা খানের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম জানান, বর্তমানে রেলওয়ের ২৮৩টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৯১টি মিটারগেজ ও ৯২টি ব্রডগেজ। মিটারগেজ ইঞ্জিনের মধ্যে ১৩২টি এবং ব্রডগেজ ৪৩টিসহ মোট ১৭৫টির (৬১%) অর্থনৈতিক আয়ুষ্কাল উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় ১০০টি মিটারগেজ ও ৪০টি ব্রডগেজ নতুন ইঞ্জিন সংগ্রহের কাজ চলমান। ইতিমধ্যে ২০টি মিটারগেজ রেলওয়েতে যুক্ত এবং ১০টি বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। ব্রডগেজ ইঞ্জিনের মধ্যে আটটি কমিশনিং পর্যায়ে রয়েছে। আরও আটটি শিগগিরই বন্দরে পৌঁছাবে।
বেগম লুৎফন নেসা খানের অপর এক প্রশ্নের জবাবে রেলওয়ের দুর্ঘটনা ক্রমান্বয়ে কমে আসছে দাবি করে রেলমন্ত্রী জানান, ২০২০ সালে রেলে মোট ১৪৫টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত রেল দুর্ঘটনা ঘটেছে ১০৬টি।
সরকারি দলের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ২২ হাজার ৪২৮ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বর্তমান সরকারের আমলে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩৫৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এ সময়ে ৭ হাজার ৩২১ কিলোমিটার মহাসড়ক মজবুতকরণসহ ৯ হাজার ৩৩ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হয়েছে। ৬৩২ কিলোমিটার মহাসড়ক ৪ লেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে।