বছরের বিচিত্র বচন

* ‘আমি অ্যানালগ চালালাম। তোমরা ডিজিটাল চালিয়ে নাও।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগামী নির্বাচনের পর দায়িত্ব থেকে ছুটি নিতে চান জানিয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে। ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
* ‘এই নৌকাকে আর আপনারা হাজার লোক দিয়েও টেনে তুলতে পারবেন না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নৌকা ডুবে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের উদ্দেশে। ১৮ জুন ২০১৭।
* ‘৮৪ বছরের জীবনের অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং ব্যর্থতা মিলেই এ বাজেট করা হয়েছে।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত নতুন বাজেট সম্পর্কে জাতীয় সংসদে। ৭ জুন ২০১৭।
* ‘লেখালেখিটা বাদ দিতে পারলে জিনিসপত্রের দাম একেবারে কমে যেত।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পণ্যমূল্য বৃদ্ধির জন্য প্রচারমাধ্যমও দায়ী মন্তব্য করে। ২৪ মে ২০১৭।
* ‘রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছি, পারিনি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, রাজধানীতে এক অনুষ্ঠানে। ৮ জানুয়ারি ২০১৭।
* ‘বন্দুক-টন্দুক নিয়ে, জলকামান-প্রিজন ভ্যান নিয়ে এমনভাবে থাকে, যেন পৃথিবীর সবচেয়ে বড় টেররিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে গেলে নিরাপত্তা কড়াকড়ির সমালোচনা করে। ৫ ফেব্রুয়ারি ২০১৭।
* ‘মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই।’
সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, বিগত সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিষয়ে। ৯ ফেব্রুয়ারি ২০১৭।
* ‘নাতিন ফিরছে, বাড়ির হাসিও ফিরছে!’
আলতাফুন নেছা, সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমের দাদি।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে খাদিজা বাড়ি ফেরার পর। ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
* ‘জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি আজেবাজে কথা বলে। বলে গৃহপালিত বিরোধী দল।’
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান রওশন এরশাদ।
৯ মার্চ ২০১৭।
* ‘আমাদের সৌভাগ্য হয়নি আজ পর্যন্ত কাউকে আইএস হিসেবে শনাক্ত করার।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দেশে আইএসের অস্তিত্ব নেই মন্তব্য করে। ২৭ মার্চ ২০১৭।
* ‘বুড়ো হয়ে গেছি, আর কত পরীক্ষা দেব। পরীক্ষা তো টু-থ্রি-ফোর থেকে শুরু হয়।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, কুমিল্লার নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা, বিএনপির এমন বক্তব্যের জবাবে। ৩১ মার্চ ২০১৭।
* ‘ঘোড়া বা ইঞ্জিন ছাড়া শুধু গাড়ি ছেড়ে দিলে তা চলবে না।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। বিএনপিকে চাঙা করতে হলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকেই আগে দলের কাজে বের হতে হবে মন্তব্য করে। ৭ মে ২০১৭।
* ‘এখন রাস্তায় শুয়ে থাকা ছাড়া তো উপায় নেই।’
বিএনপির নেতা মওদুদ আহমদ
গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে। ৮ জুন ২০১৭।
* ‘ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। পিছলাইতে সময় লাগে না।’
জাতীয় পার্টির সাংসদ শওকত চৌধুরী, দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে জাতীয় সংসদে। ১২ জুন ২০১৭।
* ‘এখন ফকিরকে দাওয়াত দেওয়া হলে আগে তাঁরা খাবারের মেন্যু জানতে চান।’
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, দেশের দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কে জাতীয় সংসদে। ১৩ জুন ২০১৭।
* ‘উনি জামা খুলে ফেললেন। এটা কোনো কথা হলো? নিজের কষ্টের কথা কাউকে বলতে হয় না।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা প্রসঙ্গে। ২৩ জুন ২০১৭।
* ‘যেভাবে চলছে, সেভাবে চললে ব্যাংকগুলো মুদির দোকান হয়ে যাবে।’
জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রাশীদ, ব্যাংকে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে মন্তব্য করে জাতীয় সংসদে। ৩০ জুন ২০১৭।
* ‘ফাঁকা রাস্তায় সবাই দিগ্বিজয়ী আলেক্সান্ডারের মতো স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালায়।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গাড়ি চালনাকে দায়ী করে। ২ জুলাই ২০১৭।
* ‘আওয়ামী লীগ সরকারি খরচে হেলিকপ্টারে প্রচারণা চালাবে আর বিএনপির নেতারা কোর্টের বারান্দায় দৌড়াবে, তা হবে না।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরিশালে দলীয় সদস্য সংগ্রহ অনুষ্ঠানে। ২৬ জুলাই ২০১৭।
* ‘ঢাকাকে বালতি বানিয়ে ফেলছি।’
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। ঢাকায় ১২ শতাংশ জলাধার থাকার কথা থাকলেও মাত্র ২ শতাংশ আছে মন্তব্য করে। ২ আগস্ট ২০১৭।
* ‘সাধারণ মানুষের মধ্যে চালের দাম নিয়ে কোনো রকম হা-হুতাশ নেই।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, চালের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিবালয়ে।
৮ আগস্ট ২০১৭।
* ‘বন্যার্ত মানুষের জন্য দেওয়া চাল যারা গুদাম থেকেই খেয়ে ফেলতে পারে, তারা তো যেনতেন চোর না। সরাসরি সিঁধেল চোর।’
ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন। নিজের নির্বাচনী এলাকার পানিবন্দী মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ৩০ টন চালের মধ্যে গুদামে সাড়ে ৯ টন ঘাটতি পাওয়ার বিষয়ে প্রথম আলোকে। ৭ সেপ্টেম্বর ২০১৭।
* ‘চিবাইয়া, চিবাইয়া মিথ্যা কথা বলে যাচ্ছেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদিন গলাবাজি করেন মন্তব্য করে।
১৯ সেপ্টেম্বর ২০১৭।
* ‘সেসব অর্বাচীনকে আমি বলব, মিথ্যা কথা বলা আমার পেশা নয়, অভ্যাসও নেই।’
আইনমন্ত্রী আনিসুল হক, রাষ্ট্রপতির কাছে লেখা প্রধান বিচারপতির চিঠিকে যাঁরা মিথ্যা বলেছেন তাঁদের উদ্দেশে। ১৬ অক্টোবর ২০১৭।
* ‘এসব কাজ নিয়ে লুটপাট হতে পারে, তবে হরিলুট হবে বলে আমি মনে করি না।’
পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বন্যা-পরবর্তী সংস্কারকাজে হরিলুটের আশঙ্কা নেই মন্তব্য করে। ২০ অক্টোবর ২০১৭।
* ‘আমরা বুঝতে পারিনি এগুলো খাল।’
রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান, রাজধানীর দিয়াবাড়ীতে খাল দখল করার কথা স্বীকার করে। ২৪ অক্টোবর ২০১৭।
* ‘দুই নম্বরি ধরা পড়লেই ধইরা পিটাইমু।’
সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে অনিয়ম করছে অভিযোগ তুলে কথা বলার জন্য প্রকৌশলীদের ডেকেছেন জানিয়ে প্রথম আলোকে। ২৮ অক্টোবর ২০১৭।
* ‘আন্দোলন করে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলনে চ্যাম্পিয়ন। আমরা মার খেয়ে মাঠে থেকেছি।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিএনপির আন্দোলনের হুমকির জবাবে, জেলহত্যা দিবসের আলোচনায়।
৩ নভেম্বর ২০১৭।
* ‘বিএনপি প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না মন্তব্য করে। ৬ মার্চ ২০১৭।