বঞ্চিতদের কাউকে কাউকে পদায়নের চিন্তা বিএনপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদবঞ্চিত নেতাদের কাউকে কাউকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার এবং পদোন্নতিবঞ্চিতদের উপযুক্ত পদায়নের চিন্তা করছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। দলের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে কাদের ক্ষেত্রে এ চিন্তা করা হচ্ছে, তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।
সূত্র বলেছে, কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও পদোন্নতি না পাওয়া নেতাদের অনেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তাঁদের কেউ কেউ দলীয় প্রধানকে বঞ্চনার কথা জানিয়েছেন। তবে পদপদবির ব্যাপারে খালেদা জিয়া কাউকে নিশ্চিত করে কিছু বলেননি।
গতকাল শুক্রবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের নতুন কমিটি গঠনের পর যেসব নেতা মনঃক্ষুণ্ন হয়েছেন, তাঁদের আরও ধৈর্য ধরার পরামর্শ দেন। তিনি বলেন, যথাসময়ে তাঁদের মূল্যায়ন করা হবে।
৬ আগস্ট বিএনপি ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ১৭ সদস্যের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের ৭৩ জন সদস্যের নাম ঘোষণা করে। ওই দিন থেকেই জ্যেষ্ঠতা হারানো এবং কমিটিতে পদ ও পদোন্নতিবঞ্চিত নেতাদের একটি অংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী (ফালু), সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান ও নির্বাহী কমিটির সদস্য কাজী সলিমুল হক কামাল। স্থায়ী কমিটির সদস্য পদে আলোচনায় থাকা আবদুল্লাহ আল নোমানসহ অনেকের অসন্তোষ গণমাধ্যমে প্রকাশ পায়।
এ ছাড়া নেতাদের একটি অংশ ক্ষুব্ধ হয় জ্যেষ্ঠতা লঙ্ঘন হওয়ায়। জানা গেছে, কমিটির তালিকা করার সময় করণিক ভুলে কিছু জ্যেষ্ঠতা ওলটপালট হয়েছে, সেগুলো ঠিক করা হতে পারে।
দলীয় সূত্র বলেছে, কমিটি ঘোষণার পরদিন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের কার্যালয়ে গিয়ে দেখা করেন স্থায়ী কমিটির তিন সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁরা খালেদা জিয়াকে কমিটি দেওয়ার জন্য অভিনন্দন জানান। এরপর গত কয়েক দিনে ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও মো. শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমানসহ অনেকে তাঁর সঙ্গে পৃথকভাবে দেখা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘গত ছয় দিনে অনেকেই চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন, ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বঞ্চিতরাও দেখা করেছেন, কথা বলেছেন। চেয়ারপারসন বলেছেন, “কাজ করো, দেখব”—এটুকই। এতে অনেকে সান্ত্বনা পেয়েছেন, আশ্বস্ত হয়েছেন।’