বড়লেখায় ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। গত শনি ও গতকাল রোববার বড়লেখা পৌরসভা মিলনায়তনে আওয়ামী লীগ ইউনিয়ন কমিটির বর্ধিত সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনি ও রোববার দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন কমিটির বর্ধিত সভা করা হয়েছে। এতে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতিত্ব করেন। বর্ধিত সভায় বড়লেখা উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের নেতরা উপস্থিত ছিলেন।
১০টির মধ্যে চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী মনোনয়ন পেয়েছেন। ছয়টিতে কাউন্সিলরদের সরাসরি ভোটে প্রার্থী মনোনয়ন করা হয়েছে। তবে একটিতে দুজন প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় দুজনের নামই কেন্দ্রে পাঠানো হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন পেয়েছেন বড়লেখা সদর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, বর্নিতে এনাম আহমদ, সুজানগরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম ও উত্তর শাহবাজপুরে আহমদ জুবের। আর কাউন্সিলরদের সরাসরি ভোটে দলের মনোনয়ন পেয়েছেন দাসেরবাজারে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজব উদ্দিন, নিজবাহাদুরপুরে মইনুল হক, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন ও তালিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সমানসংখ্যক ভোট পেয়েছেন।