বড়লেখায় দুই দলেই 'বিদ্রোহী' প্রার্থী
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ ও বিএনপিতে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। ১০টি ইউনিয়নের ছয়টিতেই বিদ্রোহীরা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদও এই ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস দলের মনোনীত প্রার্থী হলেও আওয়ামী লীগের অপর নেতা ও বর্তমান চেয়ারম্যান সুনাম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন। এখানে দলের অপর নেতা বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজির উদ্দিন হলেও এখানে মহিউদ্দিন আহমদ আদনান প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী হচ্ছেন আবদুল মুকিত। কিন্তু এখানে বিএনপি থেকে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন বিএনপির নেতা নজরুল ইসলাম ও ইকবাল হোসেন। দাসেরবাজারে বিএনপির প্রার্থী কমর উদ্দিন হলেও অপর নেতা রহিম উদ্দিন নজরুল প্রার্থী হয়েছেন।
দক্ষিণ শাজবাজপুরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান নাহিদ আহমদকে। তবে এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন প্রার্থী হয়েছেন। এসব প্রার্থী গত বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘যাঁরা বিদ্রোহী হয়েছেন, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করানোর চেষ্টা করব। দলীয় নির্দেশ অনুযায়ী তৃণমূলের সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ওরফে খছরু গতকাল প্রথম আলোকে বলেন, ‘যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, আমরা তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর চেষ্টা করব। না হয় তাঁদের বিরুদ্ধে দল যে সিদ্ধান্ত নেয়, তা-ই হবে।’