বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর আ.লীগের সম্মেলন কাল
তিন বছরের কমিটিতে এক যুগ পার করার পর কাল রোববার নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন প্রথমবারের মতো ওই উপজেলার বনপাড়া পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের তিন-চারজন নেতা-কর্মী জানান, সর্বশেষ ২০০৩ সালের ২৮ মার্চ তিন বছর মেয়াদে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এরপর প্রায় ১২ বছর হলো, আর নতুন কমিটি হয়নি। এদিকে ২০০২ সালের ৩১ ডিসেম্বর উপজেলার বনপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত পৌর আওয়ামী লীগের কমিটি হয়নি। এতে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়তে থাকে। সর্বশেষ ২৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ২৩ নভেম্বরের মধ্যে বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামী লীগের কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। উভয় কমিটি গঠনে ২৩ নভেম্বর সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এ জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলামকে চেয়ারম্যান করে সম্মেলন বাস্তবায়ন কমিটি করা হয়েছে।
সিরাজুল ইসলাম জানান, উপজেলা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে সবার মনোযোগ বেশি। সভাপতি পদে জয় বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজের পক্ষে সমর্থন আদায়ের জন্য তাঁরা দিনরাত কাউন্সিলরদের পেছনে ছুটছেন। তবে সাধারণ সম্পাদক পদে এখন পর্যন্ত সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ছাড়া আর কারও আগ্রহ লক্ষ করা যাচ্ছে না।
এ ছাড়া বনপাড়া পৌর কমিটির সভাপতি পদে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমানের নাম শোনা যাচ্ছে। তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না বলেও দলীয় সূত্র জানিয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদসহ জেলার নেতারা উপস্থিত থাকবেন।
সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই বড়াইগ্রামে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে অপর প্রভাবশালী নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকদের স্নায়ুযুদ্ধ শুরু হয়। প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনে উভয় নেতা তৎপর হয়ে ওঠেন। ফলে অধিকাংশ ইউনিয়নে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করতে হয়েছে। নির্বাচিত এসব নেতার মধ্য থেকেই কাউন্সিলররা উপজেলা ও পৌর কমিটি গঠনে মতামত দেবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবদুল জলিল বলেন, ‘সারা জীবন আওয়ামী লীগের হয়ে নেতা-কর্মীদের সঙ্গে মিশে আছি। তাঁরাই ঠিক করবেন, আমার সভাপতি হওয়া উচিত কি না।’ তাঁর প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান বলেন, ‘বড়াইগ্রামের মানুষের জন্য নিজেকে নিবেদিত করেছি। আশা করছি তার প্রতিদান পাব।’ সভাপতি পদের অপর প্রার্থী আরিফুর রহমান বলেন, ‘বড়াইগ্রামের আওয়ামী লীগের জন্য আমার বাবা জীবন দিয়েছেন। আমি সব সময় নেতা-কর্মীদের সঙ্গে আছি।’