বদরগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ছাত্রদলের কর্মিসভায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বদরগঞ্জ থানা-পুলিশ পৌর শহরের শাহাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের বদরগঞ্জ উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে পৌরসভার বালুয়াভাটা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মিসভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ও পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের উভয় গ্রুপের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় এক গ্রুপের নেতা পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ বাদী হয়ে রোববার রাতে উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামানসহ ১৭ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ছাত্রদলের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। 


বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই জানান, সংঘর্ষে আহত ছাত্রদল কর্মী সোহেল সরকারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।