বদির মতো আর কত বদি এ দেশে আছে, বললেন কাদের

মাদকের গডফাদারদের বিদেশে পালিয়ে যেতে সরকার সহায়তা করছে—বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতেও আছে কি না, তা আমাদের খুঁজে বের করতে হবে। বদির মতো আর কত বদি এ দেশে আছে। বদি মাদকের গডফাদার, এটা আপনি সরাসরি বলতে পারেন? প্রমাণ কী? প্রমাণ করুন। প্রমাণিত হলে বদিকেও ছাড় দেওয়া হবে না।’
ঢাকা মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৭-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার এ অনুষ্ঠান হয়।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় কি র্যাবের বড় অফিসাররা বাদ গেছে? তাদের ফাঁসির আদেশ হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। নিহত একরামের বিষয়ে তিনি বলেন, ‘একরাম আমাদের দলের কর্মী। একরামের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বলেছি, যদি তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ, ওখানে যাঁরা তাঁকে দোষী সাব্যস্ত করেছেন, তাঁরাই দোষী সাব্যস্ত হবেন এবং তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে অভিযোগ আর নালিশের। আর কোনো সম্বল নেই। নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, তার খেসারত দিচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়েছে। তাই তাদের সামনে শুধু হতাশা। এ হতাশা থেকেই আবোলতাবোল বলছে। যখন এ অভিযানে (মাদকবিরোধী) জনগণের প্রশংসা কুড়াচ্ছে, জনগণ খুশি এবং এ অভিযানে সরকারের জনপ্রিয়তা বাড়ছে, তখন স্বাভাবিক কারণেই বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে।
মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছেন, এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বুদ্ধিজীবীরা তাঁদের বিবৃতি দিতেই পারেন। সমালোচনা করার অধিকার সবারই রয়েছে। কিন্তু আমরা মনে করছি মাদকবিরোধী অভিযান সর্বাত্মক রূপ নিয়েছে। দেশের জনগণ খুশি। কারণ, দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে যে মাদক, তা থেকে তাদের (তরুণ) রক্ষা করার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। কাজেই সমালোচকেরা সমালোচনা করুন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি দেশের জনগণ ও ভবিষ্যতের দিকে তাকিয়ে।
দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে মন্ত্রী কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান তো চলছেই। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। দুর্নীতিবাজ রাঘববোয়াল হোক, চুনোপুঁটি হোক তাকে ধরার জন্য জাল বিছানো হয়েছে। দুদককে স্বাধীনতা দেওয়ার কারণেই আওয়ামী লীগ দলীয় সাংসদদের তলব করা হচ্ছে। কাজেই দুদকের স্বাধীনতা আছে এবং তা কাজে লাগাবে বলে আমরা আশা করছি।
চলমান মাদকবিরোধী অভিযান বন্ধে আন্তর্জাতিক চাপ আছে কি না, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। জাতিসংঘের পর্যবেক্ষণের অধিকার রয়েছে, তা তারা করুক। আমাদের বিদেশি কোনো বন্ধুদের পর্যবেক্ষণ করতে চাইলে করুক। কারও চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। নতি স্বীকার করব বাংলাদেশের জনগণের চাপে। যত দিন প্রয়োজন হয় অভিযান চলবে।’