বন কর্মকর্তাকে বেধড়ক পেটালেন যুবলীগ নেতা
বরগুনার আমতলী উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে রোপণ করা সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন যুবলীগের একজন নেতা। বাধা দেওয়ায় উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তাকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার হরিদ্রাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কর্মকর্তা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকে উপজেলার গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল মৃধাসহ এলাকার একদল প্রভাবশালী ব্যক্তি মিলে গুলিশাখালীর হরিদ্রাবাড়িয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের দুই পাশের গাছ কাটাচ্ছিলেন। খবর পেয়ে বন কর্মকর্তা আবদুল হাই, দুজন বনরক্ষীকে নিয়ে বেলা একটার দিকে ঘটনাস্থলে যান। তাঁদের দেখে গাছ কাটার শ্রমিকেরা পালিয়ে যান। পরে আবদুল হাই ইতিমধ্যে কেটে ফেলা কয়েকটি গাছ জব্দ করেন। এ খবর পেয়ে কামাল মৃধা সহযোগীদের নিয়ে তিনি মোটরসাইকেলে সেখানে যান। অতর্কিতে বন কর্মকর্তা আবদুল হাইকে পিটিয়ে আহত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে দুই বনরক্ষীকেও মারধর করা হয়। পরে কামাল মৃধা ও তাঁর লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে। পরে আবদুল হাইকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বন কর্মকর্তা আবদুল হাই বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে কামাল মৃধাসহ একদল সন্ত্রাসী এসে আকস্মিক আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটিয়ে আহত করে।’ এ অভিযোগ অস্বীকার করে কামাল মৃধা বলেন, ‘ওই কর্মকর্তাকে মারধর করিনি। তাঁর সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়েছে।’