বন্দরের অনিয়ম দুর্নীতির বিচার চান মহিউদ্দিন
বন্দরের বিভিন্ন যন্ত্রপাতি কেনাকাটার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বন্দরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করারও দাবি করেন তিনি।
গতকাল শনিবার দুপুরে শ্রমিক লীগ ও বন্দর এলাকার শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন সাবেক এই মেয়র। নগরের চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে এ বৈঠক হয়।
মহিউদ্দিন চৌধুরী বলেন, বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) পরিচালনায় প্রধানমন্ত্রী ও একনেকের সিদ্ধান্ত উপেক্ষা করা হয়েছে। গণখাতে ক্রয়বিধি লঙ্ঘন করে স্বার্থান্বেষী মহল চিহ্নিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পর তা বাস্তবায়নের জন্য উঠেপড়ে লেগেছে। তিনি শ্রমিক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে আবাসন ও চিকিৎসাসেবা বাড়ানোর দাবি জানান।
বৈঠকে ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক চৌধুরী, বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, সহসভাপতি মোহাম্মদ আলী ও সহসম্পাদক মো. শহীদুল আলম, ডক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইস্কান্দর মিঞা, সিডিএ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।