বন্দুকযুদ্ধের নামে হত্যা খেলায় পরিণত হয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলমকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে নির্বিচারে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একধরনের খেলায় পরিণত হয়েছে।
গতকাল রোববার এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করার দাবিতে আন্দোলন করছে। এমন একটি পরিস্থিতিতে শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে। সরকার একদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা, রিমান্ডের নামে নির্যাতন করছে, পাশাপাশি বিরোধী দলের প্রধান নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করছে। এ ছাড়া গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানও ‘বন্দুকযুদ্ধের’ নামে যুবদল নেতাকে ‘হত্যার’ নিন্দা জানান। তিনি বলেন, বন্দুকযুদ্ধে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একধরনের নেশা ও রেওয়াজে পরিণত হয়েছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, হিংসাশ্রয়ী রাজনীতির চর্চা করে সরকার দেশের সব বিরুদ্ধ মতকে দমনে বেপরোয়া। তারা শুধু বিএনপিই নয়, সরকারের সমালোচনা করার জন্য বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিও ক্ষুব্ধ।