বন্দুকের জোরে সব অর্জন কেড়ে নিচ্ছে আ. লীগ: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বন্দুকের জোরে দেশের সব অর্জন কেড়ে নিচ্ছে।
আজ বৃহস্পতিবার মহিলা দলের একটি কর্মশালায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন,, অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করতে গণতান্ত্রিক ব্যবস্থা বিসর্জন দিয়ে অতীতের একদলীয় স্বপ্ন বাস্তবায়ন করতে চাইছে আওয়ামী লীগ। নিজেদের নিশ্চিত পরাজয় ও জামানত হারানোর ভয়ে তারা নতুন নির্বাচন দিতে চায় না। এই অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এ পাথরকে সরাতে আন্দোলনের বিকল্প নেই।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, সরকার তারেক রহমানকে ভয় পায়। এ কারণে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা। অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।