বন্যা নিয়ে সরকার উদাসীন: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার বন্যায় দুর্যোগময় পরিস্থিতিতে নির্লিপ্ত ও উদাসীন। দুর্গত মানুষের সাহায্যে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে খালেদা জিয়া এ অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। কিন্তু সরকার এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
সরকার, বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে দ্রুততার সঙ্গে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান খালেদা জিয়া।