রাঙামাটির বরকলের ভূষণছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে উপজেলায় লাগাতার হাটবাজার বর্জন ও নৌপথ অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ডাকে এ কর্মসূচি শুরু হয়েছে।
বরকল উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী বলেন, তাঁরা রাঙামাটি থেকে প্রতিদিন ট্রলার নিয়ে বরকলে আসা-যাওয়া করেন। নৌপথ অবরোধের কারণে তাঁরা গতকাল বরকল যেতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, গতকাল ছিল বরকল উপজেলার হাটের দিন। হাটবাজার বর্জনের কারণে উপজেলার পাঁচটি বাজারে কোনো পাহাড়ি ক্রেতা যাননি। অবরোধের কারণে কোনো পাইকারি ব্যবসায়ীও হাটে যেতে পারেননি।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কান্তি বড়ুয়া জানান, অবরোধ ও বাজার বর্জন কর্মসূচির কারণে কোথাও কোনো ঝামেলা হয়নি। পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
গত শনিবার রাঙামাটির ৪৯টি ইউপির মধ্যে ৪৮টিতে নির্বাচন হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভূষণছড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল মামুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
তবে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানায়। সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থক একদল বহিরাগত নির্বাচনে ভোট কারচুপি করে জয় ছিনিয়ে নিয়েছে। বহিরাগত ব্যক্তিরা পাহাড়ি ভোটারদের মারধর করে।
রোববার জনসংহতি সমিতি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সোমবারের মধ্যে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিলের দাবি জানানো হয়। তা না হলে মঙ্গলবার থেকে উপজেলার সব হাটবাজার বর্জন ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ভূষণছড়া ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী দিলীপ কুমার চাকমা জানান, তিনি গত রোববার রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের কোনো কিছু করার নাই। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। আর অভিযোগ আমলে নেওয়ার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের।’