বরগুনা আ.লীগের সম্মেলন আবারও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব প্রস্তুতি প্রায় শেষ করার পর বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন আবারও পেছাল। ২৮ সেপ্টেম্বর সম্মেলনটি হওয়ার কথা ছিল। এ নিয়ে চলতি বছর চারবার সম্মেলন পেছানো হলো।
দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে দলীয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হঠাৎ পূর্বনির্ধারিত সম্মেলন স্থগিত করার নির্দেশ দেন। এ খবরে বরগুনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এর আগে গত ১৬ জুলাই, ২৮ জুলাই ও ৬ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করা হয়।
দলের নেতা-কর্মীরা জানান, ২৮ সেপ্টেম্বরের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। সম্মেলন সফল করার জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটিও গঠন করা হয়। ১৫ দিন ধরে বিভিন্ন উপজেলায় কাউন্সিলর তালিকা তৈরি, পোস্টার, নিমন্ত্রণপত্র, কাউন্সিলর কার্ড ছাপাসহ সম্মেলনের সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. জাহাঙ্গীর কবির গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘২৮ সেপ্টেম্বর সম্মেলন হচ্ছে না বলে শুনেছি। তবে আমি এ-সম্পর্কিত কেন্দ্রীয় কোনো নির্দেশনা এখনো পাইনি।’