
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ১৮টি প্রকল্পের দরপত্রের লটারি অনুষ্ঠানে হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বরগুনা সদর ও বেতাগী উপজেলা সদরে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ১০টায় বেতাগী উপজেলা পরিষদ চত্বরে বেতাগী উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকসুদুর রহমান, উপজেলা যুবলীগ, ছাত্রলীগের সভাপতি, দুটি ইউপির চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান কবির, পৌর মেয়র গোলাম কবিরসহ স্থানীয় বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।
অন্যদিকে গতকাল বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ৪ কোটি টাকার ১৮টি প্রকল্পের দরপত্রের লটারির প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়া, হামলা চালিয়ে বরগুনা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের মাথা ফাটিয়ে দেওয়া এবং অপর এক ঠিকাদারকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশে হামলাকারীদের বিচারের দাবি করা হয়। জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা ঠিকাদার সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুজমায়ূন কবির, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বরগুনার বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ৪ কোটি টাকার ১৮টি প্রকল্পের দরপত্রের লটারির সময় হামলায় বরগুনা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুলের মাথা ফেটে যায় এবং অপর এক ঠিকাদার আহত হন। গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ হামলার ঘটনার পর লটারি ভন্ডুল হয়ে যায়। বুধবার এ ঘটনায় আহত যুবলীগ নেতা জাহিদুলের বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, তিন ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা করেন। আদালতের বিচারক মামলাটিকে আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ নিয়ে প্রথম আলোয় ৮ ফেব্রুয়ারি ‘বেতাগীতে দরপত্রের লটারির অনুষ্ঠানে হামলা, আহত ২’ এবং গতকাল বৃহস্পতিবার ‘দরপত্রের লটারি অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা’ শিরোনামে পৃথক খবর ছাপা হয়।