বরগুনা জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
বরগুনা শহরের স্মৃতি কমপ্লেক্স মাঠে গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সন্ধ্যায় স্থানীয় বঙ্গবন্ধু কমপ্লেক্সে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতৈক্যের ভিত্তিতে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি ও জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন।
উদ্বোধনী বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪২ সালে উন্নত দেশে পরিণত করা।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে বিশ্ব মন্দার সময়ে আমেরিকা-ইউরোপে লাখ লাখ শ্রমিক ছাঁটাই হওয়া সত্ত্বেও বাংলাদেশে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে। এ ছাড়া শিক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। মাতৃ ও শিশু মৃত্যুর হার রোধ, গড় আয়ু বৃদ্ধি এবং গড় আয় এক হাজার ১০০ ডলারে উন্নীত করে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, এই রাজনৈতিক দলটি এসব ইতিবাচক অগ্রগতিকে ব্যাহত করার জন্য নানাভাবে ষড়যন্ত্র লিপ্ত। বিএনপি-জামায়াত ও জঙ্গিগোষ্ঠীর এই অপতৎপরতা প্রতিহত করতে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ বত্তব্য দেন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।