বরগুনা সদরের বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শাহাদাত হোসেন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁকে চাপ প্রয়োগ করে প্রার্থিতা প্রত্যাহারের ষড়যন্ত্র চলছে। এ জন্য তিনি জীবন নিয়ে সংশয়ে আছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের অন্তত দুই দিন আগে বরগুনায় সেনাবাহিনী সদস্যদের মোতায়েনের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন অভিযোগ করেন, ‘বরগুনায় আওয়ামী লীগ থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর কোনো জনভিত্তি নেই। জনমত উপেক্ষা করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এই মনোনয়ন চাপিয়ে দিয়েছে। এ জন্য আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে আমি প্রার্থিতা প্রত্যাহার করি।’ তিনি আশঙ্কা করছেন, জোরপূর্বক সাদা কাগজে তাঁর সই নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার-সংক্রান্ত আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হতে পারে।
তিনি বলেন, ‘যদি এমন চেষ্টা হয় তবে আমি জনগণের জন্য প্রয়োজনে দল থেকে পদত্যাগ করব। জনগণের অধিকার আদায়ে আমি সেটা করতে প্রস্তুত।’
শাহাদাত অভিযোগ করেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট কাটার জন্য আওয়ামী লীগ প্রার্থীর পছন্দের লোকদের প্রিসাইডিং-পোলিং কর্মকর্তা নিয়োগের চেষ্টা করা হচ্ছে। তাঁদের সহায়তায় আগের রাতে ভোট কেটে বাক্স বোঝাই করে একটি পাতানো নির্বাচন করার নীলনকশা করা হচ্ছে। এ জন্য তিনি সাংবাদিক ও সাধারণ ভোটারদের আগের রাত থেকে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান গতকাল দুপুরে বলেন, ‘নির্বাচনী কার্যক্রম এখনো শুরুই হয়নি, সেখানে কীভাবে নীলনকশা করার প্রশ্ন আসে? তা ছাড়া সরকার চাইছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, তাই এখানে নির্বাচনে কোনো কারচুপি হবে না।’
মনোনয়ন প্রত্যাহারে চাপ প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটা অবাস্তব অভিযোগ।