বরগুনা জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে দলকে ধ্বংস করার অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ করেছেন আমতলী উপজেলা বিএনপির নেতারা। এ জন্য তাঁরা অচিরেই জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি যৌথ সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। এ সময় জেলা কমিটির সঙ্গে বরগুনার সব উপজেলা ও পৌর বিএনপির কমিটিও পুনর্গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম লিখিত বক্তব্য পড়েন। তিনি বলেন, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কমিটির নির্দেশে বরগুনার পাঁচটি উপজেলা ও চারটি পৌর কমিটির যৌথ সভা আহ্বান করে জেলা বিএনপি। কেন্দ্রীয় কমিটি জেলা সদরের বাসিন্দা জাতীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সাংসদ, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও বিগত সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পরামর্শক্রমে ও নেতা-কর্মীদের সমন্বয়ে দল পুনর্গঠনের নির্দেশ দেয়।
নুরুল ইসলাম বলেন, সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেলা কমিটির সভাপতি মাহাবুবুল আলম ও সম্পাদক এস এম নজরুল ইসলাম ওই সভায় আগের কমিটি বিলুপ্ত করে বিতর্কিত লোকদের দিয়ে উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, জেলা কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, আমতলী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিএনপি নেতা মাইনুল ইসলাম তালুকদার প্রমুখ। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম বলেন, জেলা বিএনপির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে এসব আহ্বায়ক কমিটি করা হয়েছে। একক সিদ্ধান্তে কিছু করা হয়নি।