বরগুনায় সংঘর্ষে আহত ১৫, স্থগিত ১
বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান মহারাজের পক্ষে ভোটকেন্দ্র দখল করে সিল মারার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। একটি কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ প্রথম আলোকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে ভোট নেওয়া স্থগিত করা হয়েছে। তিনি জানান, ভোট নেওয়া শুরু হওয়ার পর থেকে কামরুল আহসানের সমর্থকেরা কেন্দ্র দখল করে সিল মারতে শুরু করেন। এ সময় অন্য প্রার্থীর সমর্থকেরা বাধা দিলে গোলযোগ শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে ঢুকে পড়লে সংঘর্ষ আশপাশে ছড়িয়ে পড়ে। এতে প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন ও সময় টেলিভিশনের ক্যামেরা পারসন এস এম শিফাতসহ অন্তত ১৫ জন আহত হন।