ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব কটি অস্থায়ী পশুর হাটের ইজারা পেয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এর মধ্যে ডিএসসিসির এক ওয়ার্ড কাউন্সিলরই পেয়েছেন দুটি হাটের ইজারা। এসব হাট ইজারায় দলীয়করণ ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এবার ঈদুল আজহা উপলক্ষে ১২টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। ২১ জুলাই ১১টির ইজারা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সরকারি মূল্যের চেয়ে ইজারার দর কম হওয়ায় একটি হাটের পুনরায় দরপত্র আহ্বান করা হতে পারে। গতবার অস্থায়ী কোরবানির পশুর হাট ছিল ১০টি। ডিএসসিসির যাত্রাবাড়ী কাঁচাবাজার ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গায় নতুন করে এবার আরও দুটি অস্থায়ী হাট ইজারা দেওয়া হয়। কিন্তু যাত্রাবাড়ী কাঁচাবাজারে কোরবানির হাট না বসাতে ডিএসসিসির মেয়রের কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সর্বোচ্চ দরদাতাকেই পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো দল বা ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়নি। যাত্রাবাড়ীর ব্যবসায়ীদের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।’ তিনি বলেন, ‘ডিএসসিসির কাউন্সিলররা হাট ইজারা পেতে পারেন কি না, তার আইনগত দিক খুঁজে দেখা হচ্ছে। তা পেলে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷’
খিলগাঁওয়ের মেরাদিয়ার হাট ইজারা পেয়েছেন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ আলম। ধোলাইখালের সাদেক হোসেন খোকা খেলার মাঠ পেয়েছেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের ৪২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ ভূঁইয়া। গতবারও তিনি এই হাটের ইজারা পেয়েছিলেন। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠের ইজারা পেয়েছেন শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ।
কামরাঙ্গীরচরের হাট পেয়েছেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার। গোপীবাগ বালুর মাঠ হাট ও কমলাপুর স্টেডিয়ামের পাশের হাট পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। তিনি ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পোস্তগোলার শ্মশানঘাট হাট পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান। গতবারও তিনি এই হাটের ইজারা পেয়েছিলেন। যাত্রাবাড়ী কাঁচাবাজারের ভেতর হাট পেয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের কর্মী আবু বকর সিদ্দিক।
হাজারীবাগের জিগাতলা হাটের ইজারা পেয়েছেন ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মনিরুল হক। লালবাগের রহমতগঞ্জ হাট পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি ও আওয়ামী লীগের কর্মী শফি মাহমুদ। গত বছর এই হাটের ইজারা পেয়েছেন একই সংগঠনের উপদেষ্টা আলম মিয়া। ধূপখোলার হাট পেয়েছেন ইস্ট এন্ড ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের কর্মী মোরশেদ আহমেদ চৌধুরী। লালবাগের হাট পেয়েছেন আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ ইউসুফ। তবে এই হাট ইজারায় সরকারি মূল্যের চেয়ে কম দর পাওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির সম্পত্তি বিভাগের একাধিক কর্মকর্তা।
পশুর হাট ইজারার জন্য আবেদন করে পাননি, এমন কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিবছর হাট ইজারা নিয়ে বাণিজ্য করে ডিএসসিসি ও ক্ষমতাসীন দলের একটি চক্র। এতে তাদের পছন্দের লোকেরাই প্রতিবছর হাট ইজারা পায়। নতুন কেউ এই চক্রের বাইরে হাট ইজারা নিতে চাইলে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়। এ ছাড়া দরপত্র জমা দিতে দেওয়া হয় না।
কাউন্সিলর মমিনুল হক বলেন, গত বছর গোপীবাগ বালুর মাঠের ইজারামূল্য ছিল ২৬ লাখ ৩০ হাজার টাকা। এবার সর্বোচ্চ দর ৭০ লাখ টাকা দিয়ে ইজারা পেয়েছেন তিনি। একইভাবে পেয়েছেন কমলাপুর স্টেডিয়ামের আশপাশে খালি জায়গায় হাট। এতে দলীয় কোনো প্রভাব ছিল না। ডিএসসিসির কোনো আইনেও কাউন্সিলরদের হাট ইজারা পাওয়ার বাধানিষেধ নেই।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, এবার ১২টি হাটের বিপরীতে মোট আবেদন জমা পড়েছিল ৪১টি। এর মধ্যে সর্বোচ্চ দরদাতারা হাটগুলো ইজারা পান। লালবাগের মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ হাট বাদে পুরোনো নয়টি হাটের দর গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে।
ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে যাত্রাবাড়ী কাঁচাবাজারে পশুর হাট ইজারা দিয়েছে ডিএসসিসি। যাত্রাবাড়ীতে পশুর হাট বসালে ঈদে দেশের দক্ষিণ, পূর্ব ও উত্তরাঞ্চলে ঘরমুখী মানুষের দুর্ভোগ বাড়বে। যাত্রাবাড়ী সড়কই এই তিনটি অঞ্চলের যাতায়াতের প্রধান পথ।