বরাবরের মতো এবারও নিশ্চুপ বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারও মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে নিশ্চুপ থেকেছে বিএনপি। আজ বুধবার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আপিল বিভাগের রায়ের পর দলটির কোনো নেতা প্রতিক্রিয়া জানাতে চাননি।


টেলিফোনে বিএনপির স্থায়ী কমিটির চারজন সদস্য, বিএনপির চেয়ারপারসনের দুজন উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির এক নেতার কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তাঁরা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের রায় নিয়ে বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এ নিয়ে তাঁরা কোনো কথা বলতে চান না।


বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক নেতা সকালে প্রথম আলোকে বলেন, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে কি না, সে বিষয়টি দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।


তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করা সাজে না। তবে সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা ছিল। আর আপিল বিভাগে সাজা সাধারণত কিছু কমে। এটা নিয়ে বলার কিছু নেই।’