বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘদিন রাজপথ ছেড়ে অনেকটা স্বেচ্ছানির্বাসনে ছিলেন। কিন্তু কর্মিসভা সামনে রেখে এক সপ্তাহ ধরে বরিশালসহ বিভাগের ছয়টি জেলায় নেতা-কর্মীরা তৎপর হয়ে উঠেছেন। তাঁরা এখন দলীয় কার্যালয়ে যাচ্ছেন।
দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত কয়েক বছর সরকারের নানামুখী চাপ ও মামলার ভয়ে দলীয় কার্যক্রম থেকে বেশির ভাগ নেতা-কর্মী নিজেদের গুটিয়ে রেখেছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে চাঙাভাব ফিরে এসেছে। তাঁরা আগেভাগে মাঠে নেমে সাংগঠনিক পদ-পদবি রক্ষা করতে এবং নিজেদের অবস্থান অক্ষুণ্ন রাখতে তৎপর হয়ে উঠেছেন। বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর ও কর্মিসভা আয়োজন সামনে রেখে নেতা-কর্মীরা সরব হয়ে উঠেছেন।
৫ মে থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সাংগঠনিক সফর শুরু করবেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বিভাগের সাতটি সাংগঠনিক জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীদের নিয়ে সভা করবেন। জেলায় জেলায় এখন চলছে কর্মিসভার প্রস্তুতি।
বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এবং ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের মনোবল ফিরিয়ে আনতেই কর্মিসভার উদ্যোগ নেওয়া হচ্ছে। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা দমন-পীড়নের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। পাশাপাশি দলের স্থানীয় পর্যায়ে কমিটি নিয়েও নানা ধরনের দ্বন্দ্ব-বিভেদ আছে। বলতে গেলে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা অনেকটা নিষ্ক্রিয়। তা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের বিষয় নিয়ে বিতর্ক আছে। সরকার চাইছে দলীয় সরকারের অধীনে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনে বিএনপির আস্থা নেই। এ নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হতে পারে।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ আক্তার জাহান বলেন, ‘নির্বাচনকালীন সরকারের জন্য আন্দোলনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এসব সভায় সাংগঠনিক দ্বন্দ্ব, বিভেদ নিরসন ও দলের বিভিন্ন জেলা-মহানগর কমিটি পুনর্গঠনেরও উদ্যোগ নেওয়া হবে। আশা করি এই কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি আগের চেয়েও অনেক বেশি গতিশীল হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, ৫ মে বরিশাল নগর বিএনপির কর্মিসভা হবে। নগরের অশ্বিনী কুমার হলে এই সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৬ মে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির কর্মিসভা হবে। সকালে উত্তর ও বিকেলে নগরের অশ্বিনী কুমার হলে দক্ষিণ জেলার কর্মিসভায় মির্জা আব্বাস প্রধান অতিথি থাকবেন। একই দিন বরগুনা জেলায় কর্মিসভায় প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
তবে পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় কর্মিসভার সময়সূচি এখনো ঠিক করা হয়নি। পটুয়াখালীতে প্রশাসনিক জটিলতার কারণে এবং ঝালকাঠিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর দেশের বাইরে থাকায় জেলা বিএনপির নেতারা সাংগঠনিক সফরের তারিখ নির্ধারণ করেননি।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক বলেন, কর্মিসভা সামনে রেখে প্রস্তুতি সভা হয়েছে। সেখানে দলীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। অন্য জেলাগুলোতেও এখন নেতা-কর্মীরা নিয়মিত দলীয় কার্যালয়ে যাচ্ছেন। আলাপ-আলোচনা করছেন। তা ছাড়া মে দিবস উপলক্ষে দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলায় শোভাযাত্রা বের করেছে বিএনপি। বলতে গেলে অনেক বছর পর দলটি আবার সরগরম হয়ে উঠেছে।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান বলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ে যেসব সমস্যা আছে, সেসব বিষয়ে আলোচনা ও নেতা-কর্মীদের মনোবল সুসংহত করার লক্ষ্যে সারা দেশেই কর্মিসভা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। তাই সাংগঠনিক সব কর্মকাণ্ডেই তো নির্বাচনী একটা বিষয় থাকে।