বরিশাল জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষের সংবাদ সম্মেলন
বরিশালে জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। এক পক্ষ কমিটির পরিচিতি সভার নামে অন্য পক্ষের কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে এ সংবাদ সম্মেলন করে।
গতকাল সোমবার বেলা ১১টায় নগরের প্রেসক্লাব মিলনায়তনে নিজেকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক দাবি করে সংবাদ সম্মেলন করেন সাবেক জেলা সভাপতি মহসিন উল ইসলাম। আর দুপুর ১২টায় জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি পরিচয়ে আলতাফ হোসেন ভাট্টি নগরের বাজার রোডে তাঁর বাসভবন চত্বরে পাল্টা সংবাদ সম্মেলন করেন।
মহসিন উল ইসলাম দাবি করেন, বরিশাল জেলা জাতীয় পার্টির ১৬১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির পরিচিতি সভার জন্যই তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন।
জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, নতুন কমিটির সঙ্গে বরিশাল জাতীয় পার্টির কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। এই পকেট কমিটি বরিশাল জাতীয় পার্টির জন্য দুর্ভাগ্য বয়ে আনবে। তাই পকেট কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবি জানান তিনি।