বরিশাল নগর বিএনপির পদ ছাড়বেন সরোয়ার?
বরিশাল নগর বিএনপির সভাপতি পদে মজিবর রহমান সরোয়ার থাকছেন কি না, এ নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনাকল্পনা চলছে। বরিশাল অঞ্চলে বিএনপির সবচেয়ে প্রভাবশালী এই নেতা সম্প্রতি দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের পদ পাওয়ায় এ নিয়ে জোর আলোচনা চলছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিলের পর গঠিত কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হন সরোয়ার। ওই সম্মেলনে দলের গঠনতন্ত্রে একই ব্যক্তির দুটি পদে না থাকার বিধান যুক্ত করা হয়। তাই সরোয়ারবিরোধী শিবির আশা করছে, গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরোয়ার নগর বিএনপির পদ ছাড়বেন। তবে সরোয়ারপন্থীরা বলছেন, বরিশাল বিভাগে বিএনপির বর্তমান অবস্থা বিবেচনা করে সরোয়ারকে আপাতত এ পদ থেকে সরানো হবে না বলে মনে করেন তাঁরা।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত ওই জাতীয় কাউন্সিলের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, দলীয় গঠনতন্ত্রের ‘এক ব্যক্তির এক পদ’ নীতির কারণে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতারা অন্য কোনো পদে থাকতে পারবেন না। একইভাবে যাঁরা জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন, তাঁরা অন্য কোনো পদে থাকতে পারবেন না। এ নীতি মানার ক্ষেত্রে প্রথম নজির স্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর গত ২ এপ্রিল কৃষক দলের কেন্দ্রীয় সভাপতির পদ ছাড়েন।
দলীয় সূত্র জানায়, মির্জা ফখরুলের পদাঙ্ক অনুসরণ করে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন এমন অন্তত ২০ নেতা জেলা ও উপজেলা পর্যায়ের পদ ছেড়েছেন। এখন সরোয়ারের রাজনৈতিক অবস্থান কী হবে, তা দেখার অপেক্ষায় বিএনপির বরিশাল অঞ্চলের নেতা-কর্মীরা।
বরিশাল নগর ও জেলা বিএনপির রাজনীতিতে সরোয়ারবিরোধীদের অবস্থান খুব একটা শক্ত নয়। যেসব নেতা সরোয়ারবিরোধী মনোভাব দীর্ঘদিন লালন করে আসছেন, তাঁরাও সরাসরি তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস দেখান না। তবে এমন বেশ কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দলের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরোয়ারের একটি পদ বেছে নেওয়া উচিত। তাঁরা চাইছেন, সরোয়ার নগর বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়ে জাতীয় রাজনীতিতে অবদান রাখুন। এতে স্থানীয়ভাবে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে। সরোয়ারের কর্তৃত্ববাদী রাজনীতি থেকে বরিশাল বিএনপি বেরিয়ে আসার সুযোগ পাবে।
একসময় সরোয়ারবিরোধী হিসেবে আলোচনায় ছিলেন এবায়দুল হক চান। তিনি এখন বরিশাল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এবায়দুল অবশ্য এ বিষয়ে খোলামেলা কথা বলতে রাজি নন। তবে সরোয়ারের দুটি পদে থাকা সমীচীন কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘গঠনতন্ত্র যার হাতে, এটা তিনি নির্ধারণ করবেন। আমি মনে করি, যাঁরা প্রকৃতই বিএনপি করেন, তাঁদের দলীয় গঠনতন্ত্র মানা উচিত এবং দলীয় প্রধানের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত।’
তবে সরোয়ারের পক্ষের নেতারা মনে করেন, বরিশালে বিএনপি মানেই মজিবর রহমান সরোয়ার। এক ব্যক্তির এক পদ বিধান থাকলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চাইলে বিশেষ ক্ষমতাবলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তাঁদের যুক্তি, বরিশাল বিভাগে বিএনপির অবস্থান এখন অত্যন্ত নাজুক। তবে সরোয়ার ব্যক্তিগত ভাবমূর্তি কাজে লাগিয়ে নগর বিএনপিকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই গোটা বিভাগে বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। এখন সরোয়ার না থাকলে নগর বিএনপিও দুর্বল হয়ে পড়বে। এর রেশ পড়বে গোটা বরিশাল অঞ্চলের বিএনপিতে। বিএনপির চেয়ারপারসন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলে তাঁরা মনে করেন।
নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার প্রথম আলোকে বলেন, ‘যে যা-ই বলুক, সরোয়ারকে বাদ দিয়ে বরিশাল নগর, এমনকি গোটা বরিশালে বিএনপির রাজনীতি কল্পনা করা যায় না। আমরা আশা করি, বিএনপির চেয়ারপারসনের বিবেচনায় এটা আছে এবং তিনি সেভাবেই সিদ্ধান্ত নেবেন।’
নগর, না কেন্দ্রীয়—কোন পদে থাকবেন, এমন প্রশ্ন করা হলে মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমার এ নিয়ে কোনো ইচ্ছা-অনিচ্ছার বিষয় নেই। আমিও চাই নতুন নেতৃত্বের বিকাশ হোক। কিন্তু সেটা হতে হবে গঠনতান্ত্রিক নিয়মে। নগর বিএনপির সাধারণ সম্পাদক কিছুদিন আগে মারা যাওয়ার পর বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্বে আছেন। এখন আমি নগর বিএনপির পদ ছাড়লে এ পদেও একজন ভারপ্রাপ্ত আসবেন। এতে তো আর নেতৃত্বের বিকাশ হলো না। যদি পদ ছাড়তেই হয়, তবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে ছাড়তে হবে।’
দুটি পদে থাকা সমীচীন কি না, জানতে চাইলে বরিশাল সদর আসনের চারবারের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত এ মেয়র বলেন, ‘এটা সমীচীন না হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা প্রযোজ্য। বিএনপির চেয়ারপারসন বরিশালের রাজনীতি সম্পর্কে খুব ভালো জানেন। তিনি এখনো এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলাপ করেননি। তিনি আলাপ করলে এ বিষয়ে যেটা বাস্তবসম্মত, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
২০১২ সালে বরিশাল নগর বিএনপির সম্মেলনে মজিবর রহমান সরোয়ার সভাপতি ও কামরুল আহসানকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১৩ সালের ৫ অক্টোবর ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। ২০১৪ সালের ২২ নভেম্বর মারা যান সাধারণ সম্পাদক কামরুল আহসান।