বরিশাল বিভাগে বাস ধর্মঘট প্রত্যাহার, দিনভর দুর্ভোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. নাসির সস্ত্রীক বরিশালে এসেছিলেন চিকিৎসক দেখাতে। বাড়ি ফিরবেন বলে গতকাল বৃহস্পতিবার সকালে রূপাতলী বাসস্ট্যান্ডে এসে দেখেন, বাস চলছে না। বিকল্প কোনো যানে যাওয়ার মতো বাড়তি টাকাও হাতে নেই। নাসির বললেন, ‘এখন রাস্তায় রাত কাটানো ছাড়া আমার কোনো উপায় নেই।’
বরিশাল বিভাগের ছয় জেলা—বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠির ৩৮টি পথে একযোগে বাস ধর্মঘট শুরু হওয়ায় নাসিরের মতো অসংখ্য যাত্রী গতকাল বিপাকে পড়েন। রাতে অবশ্য এই ধর্মঘট স্থগিত করা হয়। আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান (থ্রি-হুইলার) চলাচল বন্ধের দাবিতে এবং রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি সুলতান আহমেদ ও চারজন শ্রমিককে কুপিয়ে জখমের প্রতিবাদে গতকাল সকাল থেকে এই ধর্মঘট ডাকে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমন্বয় কমিটি।
জানতে চাইলে সমন্বয় কমিটির মুখপাত্র রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও অবৈধ থ্রি-হুইলার মহাসড়কে চলাচল করছে। এ নিয়ে একাধিকবার প্রশাসনকে বলা হয়েছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। প্রশাসন কোনো কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে তাঁরা এই ধর্মঘট ডেকেছিলেন।
বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সমস্যা সমাধানে বিভাগীয় গতকাল সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউসে বাস মালিক সমিতি, শ্রমিকনেতা ও থ্রি-হুইলার যানের নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকে মালিক-শ্রমিকেরা ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন।
বাস ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকেই পথে পথে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রূপাতলী বাসস্ট্যান্ডে গতকাল সকালে কথা হয় আরেক যাত্রী রিনা রানীর সঙ্গে। পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে যাবেন। তাঁর সঙ্গে কেউ নেই। বাস চলাচল বন্ধ বলে কী করবেন ভেবে পাচ্ছেন না তিনি। গন্তব্য তো আর কাছাকাছি নয় যে অনেকের মতো বিকল্প বাহনে বাড়তি ভাড়া গুনে রওনা দেবেন।
ধর্মঘটে বরগুনার বিভিন্ন যাত্রীকে গতকাল দিনভর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা পার করেন তাঁরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গ্রামাঞ্চল থেকে আসা লোকজন, যাঁরা ধর্মঘটের কথা জানতেন না।
বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগির হোসেন প্রথম আলোকে বলেন, আলফা, ইজিবাইক, মহেন্দ্র, টেম্পো, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটো অবৈধভাবে আঞ্চলিক ও মহাসড়কে চলাচল করছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, আকস্মিক বাস ধর্মঘটে জেলায় দূরদূরান্তের যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিশেষ করে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আসা যাত্রীদের ভোগান্তি ছিল অবর্ণনীয়। পর্যটকেরা ঢাকা থেকে নদীপথে সকালে পটুয়াখালী পৌঁছান। কিন্তু বাস বন্ধ থাকায় কুয়াকাটায় যেতে পারেননি।
সকালে জেলার বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পর্যটকদের কেউ কেউ বৃষ্টি উপেক্ষা করে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কুয়াকাটার দিকে ছুটছেন। ঢাকার শান্তিনগর থেকে আসা মাসুদুর রহমান ক্ষোভের সঙ্গে বললেন, ‘আজ (বৃহস্পতিবার) ও কাল (শুক্রবার) কুয়াকাটায় বেড়াব বলে এসেছি। হোটেল বুকিং দেওয়া রয়েছে। কিন্তু ধর্মঘটে পড়ে এখন ভিজে-পুড়ে কুয়াকাটায় যেতে হচ্ছে।’
পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ধর্মঘটের আওতায় জেলার অভ্যন্তরীণ সব পথে বাস চলাচল বন্ধ রেখেছেন তাঁরা।
পিরোজপুর প্রতিনিধি জানান, ধর্মঘটে বিশেষ করে জেলার বরিশালগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। বাস বন্ধ থাকায় বেশি টাকা দিয়ে এবং বৃষ্টি মাথায় নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে চলাচল করতে হয়েছে তাঁদের।
গতকাল দুপুরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে কথা হয় উপজেলার গৌরীপুর ইউনিয়নের জাকির হোসেনের সঙ্গে। তিনি বলেন, বরিশাল থেকে মোটরসাইকেলে ভান্ডারিয়ায় এসেছেন। বাসে ভাড়া লাগত ৯৫ টাকা। মোটরসাইকেলে নিয়েছে ৫০০ টাকা। আবার বৃষ্টিতে ভিজে একাকার হতে হয়েছে।