বরিশাল বিভাগে রোববার, রাজশাহীতে রবি-সোম হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ছয় জেলায় আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। রাজশাহী বিভাগের আটটি জেলায় রোববার সকাল ছয়টা থেকে শুরু করে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে রাজশাহী জেলা বিএনপি। অবরোধের মধ্যে এ হরতাল ডাকা হয়েছে।

রাজশাহী বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল
আগামী রোববার ও সোমবার রাজশাহী বিভাগে হরতাল আহ্বান করেছেবি এনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ডাক দেওয়া হয়। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পত্রিকা অফিসে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ ও র‌্যাব কর্তৃক শ খানেক বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ছাত্রদলের নেতাকে গুলি করে ‘হত্যা’, দুজন ছাত্রনেতাকে অপহরণ করা হয়েছে, যাতে বিজিবির মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকের অপরাধীদের দেখামাত্র গুলি করে হত্যা করার সরকারি নির্দেশের নিষ্ঠুর প্রতিফলন ঘটেছে। এ ছাড়াও জেলার চারঘাট বিএনপির সভাপতিসহ সাত হাজার মানুষকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আরও স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে জেলা বিএনপির রোববার ও সোমবার রাজশাহী বিভাগে সকাল-সন্ধ্যা (৩৬ ঘণ্টার) হরতাল আহ্বান করেছে।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা, রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল মমিন তালুকদার, সাবেক মন্ত্রী আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, এনপিপির রাজশাহী মহানগরের সভাপতি শওকত হোসেন খান, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর প্রমুখ।
আগামী রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বরিশাল বিভাগে হরতাল
বরিশাল বিভাগের ছয় জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে হরতালের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা, চলমান অবরোধ কর্মসূচিতে বিএনপির মহাসচিবসহ ২০ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়। ওই সভায় বরিশাল বিভাগে সর্বাত্মক হরতাল পালনের সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বরিশাল অফিস ও নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।)