বরিশাল সিটির বিএনপি সমর্থিত ৬ কাউন্সিলর সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতাসহ বিভিন্ন মামলায় দেওয়া অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ছয়টি ওয়ার্ডের কাউন্সিলরদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কাউন্সিলররা সবাই বিএনপি-সমর্থিত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (সিটি করপোরেশন শাখা-১) মো. মাহমুদুল আলম ২৭ মার্চ ছয় কাউন্সিলরের বরখাস্তের আদেশের চিঠিতে সই করেন। ঢাকায় অবস্থানরত বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন নগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউনিয়া ব্রাঞ্চ এলাকার সৈয়দ আকবর হোসেন, ৯ নম্বর কাঠপট্টি এলাকার মো. হারুন অর রশীদ, ১৮ নম্বর বটতলা এলাকার মীর এ কে এম জাহিদুল কবীর, ২৪ নম্বর রূপাতলী এলাকার মো. ফিরোজ আহমেদ, ২৫ নম্বর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার মো. জিয়াউদ্দিন সিকদার ও ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকার কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান আরও বলেন, সিটি করপোরেশন আইন-২০০৯-এর ১২-এর ১ উপধারায় উল্লেখ আছে, যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা আছে এবং মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে আইন অনুযায়ী সেসব জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা যাবে। ওই ধারা অনুযায়ী, উল্লিখিত ছয় কাউন্সিলরের বিরুদ্ধে মামলা থাকায় এবং অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরখাস্তের এই আদেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ গতকাল দুপুরে বলেন, তিনিও সাময়িক বরখাস্তের বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। তবে এখনো কোনো চিঠিপত্র হাতে পাননি।