বরিশালে আ.লীগের সমর্থন পাওয়ার দাবি আলতাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক খান আলতাফ হোসেনের পরিবর্তে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলামকে সমর্থন দিয়েছে দলটি। তবে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে খান আলতাফ হোসেন দাবি করেছেন, তাঁর পক্ষেই দলের সমর্থন রয়েছে।
গত ২৫ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বরিশাল জেলা পরিষদের নির্বাচনে দলের পক্ষে সমর্থন দেওয়া হয়। তবে গত শুক্রবার দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খান আলতাফ হোসেনের পরিবর্তে মইদুল ইসলামকে সমর্থন করেছে আওয়ামী লীগ।
গতকাল দুপুরে বরিশাল নগরের একটি রেস্তোরাঁয় খান আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘১ ডিসেম্বর লোকমুখে জানতে পারি আমার দলীয় সমর্থন পরিবর্তন হয়েছে। বিষয়টি আমার কাছে অনাকাঙ্ক্ষিত বলে মনে হয়। ৩ ডিসেম্বর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তাঁকে অবহিত করি। তখন তিনি আমাকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেছেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলতাফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। ওই সমর্থন প্রত্যাহার করা হয়নি। প্রত্যাহার হলে আবারও সংসদীয় বোর্ডের সভা হওয়ার কথা। এ রকম কোনো সভা হয়নি। আমাকে প্রত্যাহার করা হয়েছে এমন কোনো চিঠিও দেওয়া হয়নি।’
এ ব্যাপারে মইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ডেকে নিয়ে আমাকে সমর্থনের কথা জানিয়েছেন। সেখানে সভা হয়েছে কি না, সেটা আমি জানি না। খান আলতাফ হোসেনের সমর্থন প্রত্যাহার করে তা আমাকে দেওয়া হয়েছে। তাঁর (আলতাফ হোসেন) কাছে চিঠি দেওয়া হয়েছিল ২৫ নভেম্বর। আমাকে দেওয়া হয়েছে ১ ডিসেম্বর। আমারটাই আপগ্রেড (সর্বশেষ) সমর্থন। দলের পক্ষে আমিই প্রার্থী।’