বরিশালে জাতীয় পার্টির দুই পক্ষই অনড় অবস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর জাতীয় পার্টির সম্মেলন আজ সোমবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হবে। কিন্তু এই সম্মেলন নিয়ে দলের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। একই স্থানে একই সময়ে তৃণমূল কর্মীদের সমাবেশ ডেকেছে অপর অংশ।

এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে। বিরোধ নিরসনে পুলিশের সমঝোতা বৈঠকও কাজে আসেনি।

দলীয় সূত্রে জানা গেছে, অশ্বিনী কুমার হলে মহানগর জাতীয় পার্টির সম্মেলনে নেতৃত্ব দেবেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও কাউন্সিলর এ কে এম মতু‌র্জা আবেদীন।

সম্মেলন নিয়ে বিরোধী অবস্থানে চলে গেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সাবেক সভাপতি মহসিন উল ইসলাম হাবুল। তিনিই সম্মেলনস্থলে তৃণমূল নেতা-কর্মীদের সমাবেশ ডেকেছেন।

বিষয়টি সমঝোতার জন্য শনিবার বিকেলে বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন মহানগর পুলিশ কমিশনার। তখন দুই পক্ষকেই সম্মিলিতভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশ্বাসপত্রে স্বাক্ষর নেওয়া হয় দুই পক্ষের কাছ থেকেই।

জানতে চাইলে সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক এ কে এম মতু‌র্জা আবেদীন বলেন, ‘ওদের জনপ্রিয়তা থাকলে অন্য স্থানে সমাবেশ করত। কর্মী নেই, জনপ্রিয়তা নেই, তাই আমাদের কর্মসূচি বানচাল করতে কর্মসূচি দিয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। কর্মসূচি আমাদের, সেটা সফল করতে পদক্ষেপ নেওয়া হবে। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মধ্যে যাব না।’

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহসিন উল ইসলাম বলেন, ‘সম্মেলন হবে কি না, জানি না। আমরা আজ সকালে অশ্বিনী কুমার হলে শান্তিপূর্ণভাবে সমাবেশ করব। দলের প্রধান সেখানে বক্তব্য দেবেন। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই না। কিন্তু অন্য কেউ অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাতে পারে।’

মহানগর পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জানান, দুই পক্ষকে একসঙ্গে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তারপরও কিছু ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।