বরিশালে জাতীয় পার্টির বিভক্তি প্রকাশ্যে
বরিশালে জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। এক বছর আগে গঠিত জেলা ও মহানগর কমিটি নিয়ে তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছিল দলটি। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বরিশাল সফর সামনে রেখে সেই বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। বিরোধ নিরসনে মহাসচিব রুহুল আমিন হাওলাদার ইতিমধ্যে তিন পক্ষকে নিয়ে বৈঠকও করেছেন।
এই তিন ধারার একাংশের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলার সাবেক সভাপতি মহসিন-উল ইসলাম। আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি এ কে এম মরতুজা আবেদিন এবং অন্য অংশে রয়েছেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বশির আহম্মেদ।
আগামী ৩ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান বরিশাল সফর করবেন। তাঁর আগমন উপলক্ষে বিবদমান তিনটি পক্ষই মাঠে নেমেছে। জেলা ও মহানগর জাতীয় পার্টির ব্যানারে অনুষ্ঠিত মতবিনিময় সভা নিয়ে প্রশ্ন তুলেছে এক পক্ষ। মহানগর জাতীয় পার্টির সভাপতি-সম্পাদককে বাদ দিয়ে ওই সভার বৈধতা নেই, এমন মন্তব্যও করেছেন তাঁরা।
গত শনিবার বেলা তিনটায় শহরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী মিলনায়তনে অনুসারীদের নিয়ে বৈঠক করেন মহসিন-উল ইসলাম। সেখানে জেলা ও মহানগর জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলেছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কাউন্সিলর মরতুজা আবেদিন। তিনি অভিযোগ করেন, মহানগরের সহসভাপতির নাম দিয়ে যে সভা হয়েছে ওই সভা করার এখতিয়ার নেই তাঁদের। সভা সম্পর্কে মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়নি। এমনকি ওই সভায় মহানগর জাতীয় পার্টির সদস্যরা উপস্থিতও ছিলেন না। জেলার কিছু নেতা সভা করেন।
জেলা ও মহানগরের একাধিক নেতা জানান, বরিশাল জেলা কমিটি থেকে মহসিন-উল ইসলামকে বাদ দেওয়া এবং মহানগর কমিটিতে পদ-পদবি না পাওয়ায় দলের একটি অংশ ক্ষুব্ধ। বিরোধ থাকলেও তা এত দিন প্রকাশ্য রূপ নেয়নি। কিন্তু চেয়ারম্যানের সফর ঘিরে যাঁর যাঁর অবস্থানের জানান দিতেই এখন প্রকাশ্য বিরোধে জড়িয়েছেন নেতারা। এরই অংশ হিসেবে শনিবার দুই অংশকে বাদ দিয়ে মহসিন-উল ইসলাম সভা করেছেন। মহানগর জাতীয় পার্টির নাম ব্যবহার হলেও সেখানে মহানগরের সহসভাপতি রফিকুল ইসলাম ছাড়া অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সভায় সদর উপজেলা সভাপতি বশির আহম্মেদের অনুসারীরাও উপস্থিত হননি। এমন বাস্তবতায় দলের মহাসচিব তিন পক্ষকে নিয়ে শনিবার রাতেই সার্কিট হাউসে বৈঠক করেন।
এ ব্যাপারে মহসিন-উল ইসলাম প্রথম আলোকে বলেন, দলের চেয়ারম্যান আসবেন, তাই নেতা-কর্মীদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে মহাসচিব ৩ নভেম্বরের সমাবেশ সফল করতে দলীয় পরিচয় ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।
মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ছোটখাটো গ্রুপিং তো সব দলেই থাকে। জাতীয় পার্টি বরিশালেও তেমন সমস্যা আছে। দলের চেয়ারম্যান আসবেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কমিটি নিয়ে যেটুকু সমস্যা আছে তা সমাধান করা হবে।’