বরিশাল মহানগর জামায়াতের আমির মুয়ায্যম হোসাইন হেলালসহ সংগঠনটির আটক ২০ নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। এ ব্যাপারে ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে আজ মঙ্গলবার বরিশাল বিভাগে হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।
জামায়াতের বরিশাল মহানগরের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ আমিনুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এদিন ২০ নেতা-কর্মীর জামিন আবেদন জানানো হয়। কিন্তু আদালত তা মঞ্জুর না করে ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন। জামিন না দেওয়ায় মঙ্গলবার বরিশাল বিভাগের ছয় জেলায় হরতাল ডাকা হয়েছে। শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করা হবে।
এর আগে গত শনিবার রাতে জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল ডাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
১৪ আগস্ট রাতে বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দার তোরাব আলী খান সড়কের ডাইরেক্টর কোয়ার্টারে জামায়াত নেতা-কর্মীদের ‘গোপন’ বৈঠক চলাকালে মহানগর জামায়াতের আমির মুয়ায্যম হোসাইন, নায়েবে আমির বজলুর রহমান, সেক্রেটারি জহিরউদ্দিন মুহাম্মদ বাবরসহ ওই ২০ নেতা-কর্মীকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। পরদিন পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
খুলনার দুই উপজেলায় হরতাল পালন: রাষ্ট্রদ্রোহের একটি মামলায় গত বৃহস্পতিবার একজন নেতাকে গ্রেপ্তার ও আরও কয়েকজন নেতা-কর্মীকে আসামি করার জের ধরে জেলার কয়রা ও পাইকগাছায় গতকাল হরতাল পালন করেছে জামায়াত। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর মেলেনি।
জামায়াতের খুলনা জেলা দক্ষিণ শাখার আমির ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আ খ ম তমিজ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়রায় সকাল-সন্ধ্যা এবং জামায়াতের দক্ষিণ জেলা শাখার জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা মো. লিয়াকত আলী ও পাইকগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম আমিনুল ইসলামসহ ৫০-৬০ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে পাইকগাছায় হরতালের ডাক দেওয়া হয়।