আলোচনা সভা আয়োজনের নামে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তিন সাংসদ ভোটের প্রচারণায় নেমেছেন বলে অভিযোগ করেছেন দলটির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
বিদ্রোহী প্রার্থী খান আলতাফ হোসেনের অভিযোগ অনুযায়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সাংসদ তালুকদার মো. ইউনুস এবং সাংসদ জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মইদুল ইসলামের পক্ষে এই ভোটের প্রচারে নেমেছেন। এর অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে হাসানাত আবদুল্লাহর বাড়ির চত্বরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় তিন সাংসদ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।
সভায় অংশগ্রহণকারীদের একজন গৌরনদীর বাটাজোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ক্ষীতিশ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘সভায় হাসানাত ভাই জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।’
আরেক অংশগ্রহণকারী বার্থী ইউপির সদস্য কামরুজ্জামান খান বলেন, ‘জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা নেতাকে (হাসানাত) খুশি করতে প্রকাশ্যে ভোট দেওয়ার কথাও বলেছেন।’
তবে তালুকদার মো. ইউনুস বলেন, বিজয়ের মাসে বিভিন্ন উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হচ্ছে। তার ধারাবাহিকতায় গতকাল তাঁরা আগৈলঝাড়ায় সভা করেছেন। সভায় বিজয় দিবস-সম্পর্কিত আলোচনা হয়েছে। তাঁরা কারও পক্ষে ভোট চাননি বা কাউকে ভোট দিতে বারণও করেননি। অবশ্য জেবুন্নেছা অভিযোগ স্বীকার করেছেন। আর হাসানাত আবদুল্লাহকে ফোনে পাওয়া যায়নি।
খান আলতাফ হোসেন অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে এর আগে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে দুটি অভিযোগ করলেও এখনো কোনো তদন্ত বা প্রতিকার হয়নি।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, খান আলতাফ হোসেনের লিখিত অভিযোগ দুটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও বিধি লঙ্ঘন হলে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।