বরিশালে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ
যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বরিশালে পৃথক সমাবেশ ও শোভাযাত্রা করেছে দুটি বিবদমান পক্ষ। মাত্র কয়েক গজ দূরে সমাবেশ দুটি ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছিল। জলকামান নিয়ে পুলিশের প্রস্তুতিও ছিল লক্ষণীয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল ১০টায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে অশ্বিনীকুমার হলের সামনের সড়কে একটি সমাবেশ শুরু হয়। মাত্র কয়েক গজ দূরে সোহেল চত্বরে আয়োজন করা হয় অপর সমাবেশের। এটির নেতৃত্ব দেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম। দুটি সমাবেশেই মহানগরের বাইরে থেকে বাস ভর্তি করে কর্মী আনা হয়।
অশ্বিনীকুমার হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির আসন গ্রহণ করেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সভাপতিত্ব করেন যুবলীগের নেতা রফিকুল ইসলাম। আর সোহেল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম করেন সভাপতিত্ব। সমাবেশ শেষে দুটি পক্ষই আলাদা শোভাযাত্রা বের করে।
সমাবেশ শুরু করেই ঢাকায় চলে যাওয়ায় এ বিষয়ে সাংসদ জেবুন্নেছা আফরোজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর পক্ষের যুবলীগ নেতা নিজামুল ইসলাম দাবি করেন, তাঁদের সমাবেশটি ছিল সাংগঠনিক। আর অন্য (সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বাধীন) সমাবেশ ছিল অসাংগঠনিক। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার কল করলেও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফোন ধরেননি।
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বরিশালের নেতারা বেশ কিছুদিন ধরে দুই ভাগে বিভক্ত। দুই পক্ষই নেতৃত্ব পেতে চায়। একটি পক্ষের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাংসদ জেবুন্নেছা আফরোজ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম।
নেতা-কর্মীরা বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষ মহড়ায় নামে। খুব শিগগির মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।