বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। তবে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশের দাবি, অনুমতি না থাকায় বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হয়েছে।
ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় কারওয়ান বাজার এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি।
গতকাল বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপি জেলা ও মহানগর কার্যালয় সম্মুখে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের সন্ত্রাসী বাহিনী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। সরকার চায় না বিএনপি সিটি নির্বাচনে অংশ নিক। সরকার আরেকটি একদলীয় নির্বাচন করার জন্যই বিএনপি নেতার ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ অশ্বিনী কুমার হল চত্বরেই তাঁদের আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাগ্বিতণ্ডা হলেও মিছিল নিয়ে সদর রোডে বের হতে পারেননি তাঁরা।