বরিশালে বিএনপির মিছিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জেলা ও মহানগর বিএনপি সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। ঢাকায় দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা এবং মামলার প্রতিবাদে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
নগরের অশ্বিনীকুমার হল-সংলগ্ন বিএনপি জেলা ও মহানগর কার্যালয় চত্বরে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ওই সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে গেলে সেখানে নেতা-কর্মীদের ওপর বেপরোয়া লাঠিপেটা করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই সরকারের আমলে মানুষের কথা বলার অধিকার থাকছে না। গণতান্ত্রিক আন্দোলনেও বাধা দিচ্ছে। পুলিশ নানা অজুহাতে হামলা ও মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করছে।
স্বৈরাচারী সরকার আখ্যা দিয়ে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।
জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা (উত্তর) বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহউদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার, আনোয়ারুল হক, পারভেজ আকন প্রমুখ।
সমাবেশ শেষে কার্যালয় চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সদর রোডে বের হতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়।
খুলনা বিএনপির প্রতিবাদ সমাবেশ: খুলনা অফিস জানায়, খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের কে ডি ঘোষ সড়কের বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন: মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান মোল্লা আবুল কাশেম, খালিশপুর থানা বিএনপির সভাপতি ফজলে হালিম লিটন, আমির এজাজ খান, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।
বক্তারা বলেন, ৫ জানুয়ারির সাজানো-পাতানো নির্বাচনের মাধ্যমে সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। মিথ্যা মামলা আর হামলা করে শেখ হাসিনার সরকার ক্ষমতা চিরস্থায়ী করার দিবাস্বপ্ন দেখছে।