বরিশালে বিএনপি-ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে বরিশালে গতকাল বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও ছাত্রদল। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায় l ছবি: প্রথম আলো
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে বরিশালে গতকাল বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও ছাত্রদল। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায় l ছবি: প্রথম আলো

বরিশালে বিএনপি ও ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করতে চাইলে ধাওয়া দিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে বরিশাল বিএনপি ও ছাত্রদল এ মিছিল বের করার চেষ্টা করে।
গতকাল বুধবার বেলা ১১টায় বরিশাল কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। পরে নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আসা নেতা-কর্মীদের কার্যালয়ে প্রবেশেও বাধা দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে সমাবেশ সমাপ্ত করতে বাধ্য হয় বিএনপি। পরে মিছিল করতে চাইলে পুলিশ তা পণ্ড করে দেয়।
কোতোয়ালি থানা বিএনপির সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মন্টু খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহাবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
পুলিশের বাধায় বিএনপির মিছিল পণ্ড হওয়ার পর একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশ করে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল। সমাবেশ শেষে তারাও মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের। পুলিশ ছাত্রদলের এক কর্মীকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে সমাবেশে মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম প্রমুখ বক্তব্য দেন।